মঙ্গলবার সারাদিন যা যা হলো
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
- ঢাকার মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ। শিশুটির বাবা ও মা, বোন ও তদন্তকারী কর্মকর্তাসহ ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। কাল আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেছে আদালত।
- "বাংলাদেশে... কাকে দিয়ে খুন করিয়েছিলেন?" মঙ্গলবার ২রা জুন কলকাতার ধর্মতলায় একটি ধর্না মঞ্চ থেকে বড় দাবি করলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিজেপির বিরুদ্ধে মঙ্গলবার ধর্নায় বসেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জী।
- ভারত থেকে বাংলাদেশে কয়েকজন ব্যক্তিকে ঠেলে দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
- হরমুজ প্রণালি পুরোপুরি পুনরুদ্ধার হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
- কম্বোডিয়া ও মিয়ানমারের মতো অনলাইন স্ক্যাম (প্রতারণা) সেন্টার পরিচালনার প্রস্তুতি নেওয়ার অভিযোগে কাঠমান্ডু পুলিশ বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে।
- বাংলাদেশে সাংবাদিকদের দলীয় নিপীড়নের চক্র ভেঙে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করতে দেওয়া নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
- স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক এমন অনিয়মিত ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে লিবিয়ার ত্রিপোলি থেকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে সরকার।
- এখন থেকে ন্যুনতম পক্ষে ৫০ ভাগ মামলা গাড়ির মালিককে না দিয়ে চালকের বিরুদ্ধে করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) মো. আনিসুর রহমান।
- বাগেরহাটে খানজাহান আলী মাজারের দিঘিতে কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশুটির মরদেহ উদ্ধারের পর ময়না তদন্ত ছাড়াই জানাজা শেষে দাফন করা হয়েছে।
- আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ভোলায় অনুষ্ঠিত জানাজায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। পরে তাকে সদর উপজেলার কোড়ালিয়া গ্রামে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।
- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্য লাইন থেকে মিয়ানমারের দশ গজ ভেতরে মর্টার শেল বিস্ফোরণে সতনাইম তঞ্চঙ্গা নামের এক কিশোর নিহত হয়েছেন।
- ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়া “সম্ভবত জিলহজ মাসের শেষে এবং মহররম মাসের শুরুতে” অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপ-প্রধান মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
আরও খবর জানতে বিবিসি বাংলার মূল পাতায় ক্লিক করুন।