সোমবার সারাদিন যা যা হলো:
- বাংলাদেশে ভারতের 'পুশইনের' চেষ্টার বিষয়ে দিল্লিকে ১২ থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
- ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক পর্যায়ের প্রথমদিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। সেখানেও আলোচনায় গুরুত্ব পাচ্ছে 'পুশব্যাক' ইস্যু।
- কয়েকদফায় পরস্পরের ওপর হামলার পর ইরান ও ইসরায়েল জানিয়েছে, আপাতত তারা পরস্পরের ওপর হামলা বন্ধ করেছে। তবে আবার হামলার শিকার হলে জোরালো জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইরানের ওপর বা হেজবুল্লাহর ওপর হামলা হলে আবার হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান।
- ২০২৫ সালের তুলনায় বিএনপি সরকারের সময়ে এ বছর দেশের অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
- ভারতের রাজধানী দিল্লিতে ভেঙে গেল তৃণমূলের সংসদীয় দল। শুভেন্দু অধিকারীর ডাকা মিটিংয়ে বিজেপিকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের ২০ জন সংসদ সদস্য।
- আগামী ২০ শে জুলাই এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
- হাম ও এর উপসর্গে শিশুদের মৃত্যু ‘দায়িত্বে চরম অবহেলার’ কারণে হয়েছে, বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত।
- আগামী বছরের শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চারটি নতুন বিষয় চালু করতে যাচ্ছে বাংলাদেশের সরকার।
- দুর্যোগ মন্ত্রণালয় থেকে দেওয়া ত্রাণের বরাদ্দ কেবল সরকারি দলের সংসদ সদস্যদের আসনগুলোতে দেওয়া হয়েছে, বিরোধী দলের কোনো সংসদ সদস্যের আসনে দেওয়া হয়নি বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
- ফিলিপাইনে একটি সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৯ জন মারা গেছেন। দেশটির স্থানীয় সময় সকাল সাতটা ৩৭ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে।
- হরমুজ প্রণালিতে “নৌযান চলাচলে বাধা সৃষ্টির” কারণে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো। ইইউ’র পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস এ কথা জানিয়েছেন।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর জানতে বিবিসি বাংলার মূল পাতায় ক্লিক করুন।