লাইভ, বাংলাদেশে পুশইনের বিষয়ে ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে: বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে ভারতের পুশইনের চেষ্টার বিষয়ে দিল্লিকে ১২ থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পরস্পরের ওপর হামলা বন্ধ করতে হবে। দিল্লিতে বিজিবি-বিএসএফ আলোচনায় গুরুত্ব পেয়েছে 'পুশব্যাক' ইস্যু। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. আপাতত ইরানের ওপর হামলা থেকে বিরত থাকবে ইসরায়েল

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে, আপাতত ইসরায়েল ইরানের ওপর হামলা চালানো বন্ধ রাখবে।

    একটি টেলিভিশন ভাষণে তিনি দাবি করেন, ইরান ও হেজবুল্লাহ আগের চেয়ে অনেক দুর্বল হয়ে গেছে। তবে তিনি এটিও ইঙ্গিত দিয়েছেন যে, তাদের সাথে লড়াই এখনো শেষ হয়ে যায়নি।

    তিনি বলেন, ইরান থেকে যদি ইসরায়েলের ওপর আরো হামলা চালানো হয়, তবে তার সরকার জোরালো জবাব দেবে।

    একইসঙ্গে নিজেদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে তারা।

    নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার ফোনালাপের কথাও উল্লেখ করেন। গত রোববার হামলা শুরু হওয়ার পর ট্রাম্পের সাথে তার কথা হয়েছে বলে জানা গেছে।

  2. প্রাথমিক ও মাধ্যমিক স্তরে আগামী বছর থেকে চারটি নতুন বিষয় চালু করতে যাচ্ছে সরকার

    শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, আগামী বছরের শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চারটি নতুন বিষয় চালু করতে যাচ্ছে সরকার

    আগামী বছরের শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চারটি নতুন বিষয় চালু করতে যাচ্ছে বাংলাদেশের সরকার।

    সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

    সরকার আগামী বছরের পাঠ্যপুস্তকে কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে এই চারটি নতুন বিষয় যুক্ত করতে যাচ্ছে।

    এর চারটির বিষয়ের মধ্যে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতির দুইটি বিষয় পড়তে হবে শিক্ষার্থীদের।

    আর ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস নামের আরো দুইটি বাধ্যতামূলক বিষয় পড়তে হবে শিক্ষার্থীদের।

    একইসঙ্গে, বাংলা ও ইংরেজি ছাড়াও নতুন শিক্ষাক্রমে তৃতীয় ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মি. মিলন।

    “আমরা বিদ্যমান শিক্ষাক্রমকে সঠিকভাবে পরিমার্জন করে, বাস্তব সম্মতভাবে রিভাইজ করে এই ২০২৭ সালে দিচ্ছি। আর টোটাল চেইঞ্জ যেটা আশা করছেন, সেটা আমরা কাজ শুরু করেছি। ২০২৮ সালে গিয়ে আপনারা সেটা দেখতে পারবেন, এখন নয়। কারিকুলাম খুব সুন্দর হচ্ছে এবং চারটি নতুন বিষয় যুক্ত হচ্ছে” বলেন মি. মিলন।

  3. হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি

    ইইউ’র পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস

    ছবির উৎস, EPA/ Shutterstock

    ছবির ক্যাপশান, হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি

    হরমুজ প্রণালিতে “নৌযান চলাচলে বাধা সৃষ্টির” কারণে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো।

    ইইউ’র পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস এ কথা জানিয়েছেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “শান্তি আলোচনা এবং ভঙ্গুর যুদ্ধবিরতির চক্রে আটকে আছে মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালিতে তেহরানের ড্রোনগুলো সামুদ্রিক চলাচলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রীরা স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের এই পদক্ষেপগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

    মিজ কালাস আরো বলেন, “এর জবাবে হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে বাধা সৃষ্টির জন্য ব্রাসেলসে ইইউ সদস্য রাষ্ট্রগুলো আজ ইরানিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।”

    তিনি জানান, এই বাধা দেওয়ার সাথে জড়িত ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ইইউ নিষেধাজ্ঞা জারি করেছে।

    বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞার আওতায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌ-শাখার মুখপাত্র মোহাম্মদ আকবরজাদেহকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ইরানের তেল রপ্তানিকারক ইউনিয়নের প্রতিনিধি হামিদ হোসেইনির সম্পদ বাজেয়াপ্ত ও তার ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    ইইউ এবারই প্রথম তাদের নতুন নৌ-চলাচলের স্বাধীনতা সংক্রান্ত নিষেধাজ্ঞার নীতি প্রয়োগ করলো বলেও উল্লেখ করেছেন মিজ কালাস।

  4. ইসরায়েলের ওপর হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান

    ইসরায়েলের ওপর হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান।

    দেশটির সর্বোচ্চ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এ ঘোষণা দেয়।

    অন্যদিকে, ইসরায়েলি গণমাধ্যমে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের ওপর হামলা বন্ধ করছে ইসরায়েল।

    এর আগে, রোববার রাত ও সোমবার দেশ দুটি দিনভর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। যা নতুন করে উদ্বেগ ছড়ায়।

    এ দিন ইসরায়েলের হাইফা পেট্রোকেমিক্যাল শিল্পে হামলা চালানোর কথা জানায় ইরান।

    দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পেট্রোকেমিক্যাল শিল্পে ইসরায়েলের হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে।

  5. দুর্যোগের বরাদ্দ কেবল সরকারি দলের সংসদ সদস্যরা পেয়েছেন, বিরোধী দলের সংসদ সদস্যরা পাননি, আখতারের অভিযোগ

    সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন

    ছবির উৎস, SANGSAD TV

    ছবির ক্যাপশান, ত্রাণের বরাদ্দ কেবল সরকারি দলের সংসদ সদস্যদের আসনগুলোতে দেওয়া হয়েছে, বিরোধী দলের কোনো সংসদ সদস্যের আসনে দেওয়া হয়নি বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন সংসদ সদস্য আখতার হোসেন

    দুর্যোগ মন্ত্রণালয় থেকে দেওয়া ত্রাণের বরাদ্দ কেবল সরকারি দলের সংসদ সদস্যদের আসনগুলোতে দেওয়া হয়েছে, বিরোধী দলের কোনো সংসদ সদস্যের আসনে দেওয়া হয়নি বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

    সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট ও দ্বিতীয় অধিবেশনে এ কথা বলেন তিনি।

    মি. হোসেন বলেন, “আসলে কী আমাদের বাংলাদেশের যে দুর্যোগের যে ম্যাপ সেটাতে কি কোনোরকম পরিবর্তন এসেছে? আমরা দেখলাম, দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হলো সেটা ৩০শে এপ্রিল হয়েছে।”

    “সেটা শুধুমাত্র সরকারি দলের যারা আসনপ্রাপ্ত হয়েছেন তাদের আসনগুলোতে শুধু বরাদ্দ দেওয়া হয়েছে বিরোধী দলের যারা আছেন তাদের কারো আসনে বরাদ্দগুলো দেওয়া হয়নি। যদি এরকম হয়ে থাকে যে, বাংলাদেশে যখন দুর্যোগগুলো আসবে তখন শুধু সরকারি দলের যেই আসনগুলো আছে সেই আসনেই শুধু আসবে কিন্তু বিরোধী দলের আসনে দুর্যোগ আসবে না তাহলে কিন্তু একভাবে হতে পারতো” বলেন মি. হোসেন।

    দূর্যোগ আসলে সবাই সাফারার হয় উল্লেখ করে তিনি বলেন, “কিন্তু দুর্যোগগুলো যখন আসে মাননীয় মন্ত্রী মহোদয়, তখন কিন্তু আপনার আসনেও আসে, তখন আমাদের আসনেও কিন্তু দুর্যোগগুলো আসে। তখন সবাই সাফারার হই। সরকারি দল বিরোধী দল বিভাজন করে কিন্তু দুর্যোগগুলো আসে না।”

    তিনি জানান, গত ৩০শে এপ্রিল যে বরাদ্দ দেওয়া হয়েছে, তাতে ৮৫ লাখ টাকা করে এবং ৯০ টন করে চাল-গম বরাদ্দ করা হয়েছে।

    মি. হোসেন বলেন, “সেটা শুধুমাত্র সরকারি দলের যে এমপিরা আছেন বা সরকার দলের যে আসনগুলা আছে সেখানেই সেটা বরাদ্দ করা হয়েছে। কিন্তু বিরোধী দলের কোনো আসনেই এই অর্থ এবং এই যে চাল-গম সেটা বরাদ্দ করা হয় নাই।”

    বিষয়টি বিরোধী দলের আসনের সাধারণ নাগরিকের প্রতি চূড়ান্ত বৈষম্য বলেও উল্লেখ করেন তিনি।

    “চব্বিশের পরে এরকম বৈষম্যমূলক কোনো নীতি বাংলাদেশে চলতে পারে বলে আমরা মনে করি না” বলেন মি. হোসেন।

  6. শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিকে সমর্থন ২০ জন তৃণমূল কংগ্রেস এমপির

    'বিদ্রোহী' তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার

    ছবির উৎস, Kakali Ghosh Dastidar/Facebook

    ছবির ক্যাপশান, 'বিদ্রোহী' তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার

    ভারতের রাজধানী দিল্লিতে ভেঙে গেল তৃণমূলের সংসদীয় দল। শুভেন্দু অধিকারীর ডাকা মিটিংয়ে বিজেপিকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের ২০ জন সংসদ সদস্য।

    ঘটনাচক্রে, যখন তৃণমূল কংগ্রসের ২০ জন সংসদ সদস্য বিজেপির সরকারকে সমর্থন করার ঘোষণা করছেন দিল্লিতে, সেই সময়ে তৃণমূল কংগ্রেসের দুই সর্বোচ্চ নেতা-নেত্রী - মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জী, দুজনেই দিল্লিতে হাজির বিজেপির বিরুদ্ধে 'ইন্ডিয়া' জোটের বৈঠকে।

    তবে তারই দলের দীর্ঘদিনের সংসদ সদস্যরা তখন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র ইয়াদভের সঙ্গে বৈঠক করছেন, যেখানে আবার হাজির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    ওই বৈঠকে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন, সেটা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই বিদ্রোহী ব্লকের নেত্রী ঘোষিত হওয়া সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার।

    তিনি আরও জানান যে শুভেন্দু অধিকারীই এই মিটিংয়ের আহ্বায়ক।

    বিবিসি বাংলাকে তিনি জানান যে ইতোমধ্যেই সর্বসমক্ষে গণমাধ্যমকে তিনি তারা বক্তব্য জানিয়ে দিয়েছেন, আলাদা করে কিছু বলার নেই তার।

    ওই বৈঠকে উপস্থিত সংসদ সদস্য শর্মিলা সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একাধিক বিদ্রোহী সংসদ সদস্য কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন শাসক জোট এনডিএ-কে সমর্থন করবেন। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই নতুন ব্লকে সংসদে শাসকগোষ্ঠীকে সমর্থন দেবে বলে জানিয়েছেন তিনি।

    তবে রাজ্যে ঋতব্রত ব্যানার্জীর নেতৃত্বে যে আলাদা তৃণমূল ব্লক তৈরি হয়েছে, সংসদীয় বিদ্রোহী ব্লকটি এই রাজ্য ব্লকের সঙ্গে সম্পর্কিত কিনা সেই উত্তর দিতে চাননি শর্মিলা সরকার।

    অন্যদিকে তৃণমূলের রাজ্যসভায় সংসদ সদস্য সুখেন্দুশেখর রায় তার পদ ও দল থেকেও ইস্তফা দিয়েছেন। তার বক্তব্য, তৃণমূল কংগ্রেস মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

    অন্যদিকে একই দিনে ও একই সময়ে দিল্লিতে কংগ্রেস-সহ ইন্ডিয়া ব্লকের সদস্যদের সঙ্গে বৈঠক করলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তৃণমূল কংগ্রেস সুত্রে জানানো হয়েছে, ওই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক ব্যানার্জী, কল্যাণ ব্যানার্জী এবং ডেরেক ও'ব্রায়ান।

  7. বাংলাদেশে পুশইনের বিষয়ে ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে: বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বাংলাদেশে পুশইনের বিষয়ে ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে:বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    বাংলাদেশে ভারতের পুশইনের চেষ্টার বিষয়ে দিল্লিকে ১২ থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

    সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি।

    তিনি জানান, অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব যাচাই করে ফেরত আনার বিষয়ে দুই দেশেরই প্রক্রিয়া রয়েছে।

    মিজ ওবায়েদ বলেন, “আমাদের যখন কোন নাগরিক ইল্লিগ্যালি কোনো দেশে যায় তাকে নাগরিকত্ব যাচাই-বাছাই করে ফেরত আনার একটা প্রক্রিয়া আছে। একটা মেকানিজম আছে যেইটা বাংলাদেশও ফলো করে বাংলাদেশের জায়গা থেকে, ভারত ফলো করে ভারতের জায়গা থেকে।”

    পুশইনের মাধ্যমে কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়া গ্রহণযোগ্য না বলে উল্লেখ করেন তিনি। মিজ ওবায়েদ বলেন, “সেই মেকানিজমটা ফলো করে এই পুশইন প্রক্রিয়ার মাধ্যমে কাউকে ঠেলে দেওয়া হয় সেইটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য না। ইতিমধ্যেই আমরা ১২ থেকে ১৩টা চিঠি দিয়েছি দিল্লিকে। ভারতে চিঠি দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।”

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের সীমান্তে বিজিবি সজাগ আছে এবং “কোনোভাবেই আমরা এটা অ্যালাউ করছি না।”

    যদি বাংলাদেশি কোন নাগরিক ভারতে অবস্থান করে যাকে ফেরত আনতে হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, ইতিমধ্যেই চেন্নাই থেকে ৩৪ জন নাগরিককে ফেরত আনা হয়েছে।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশে যদি ভারতীয় কোনো ইল্লিগ্যাল সিটিজেন থাকে বা ভারতে যদি বাংলাদেশের কোনো ইল্লিগ্যাল সিটিজেন থাকে, তাদেরকে ফেরত আনাটা আমাদের ভারতীয়দের ফেরত দেওয়ার একটি মেকানিজম বিদ্যমান আছে।”

    “সেই বিদ্যমান মেকানিজমটা, ডিপ্লোমেসিটা অবলম্বন করেই ভারতকে আমাদের সাথে কাজ করতে হবে এবং কথা বলতে হবে এবং বাংলাদেশও সেটা করবে। আমরা যতরকম ডিপ্লোমেটিক নর্ম আছে আমরা সেটা ফলো করছি” বলেন মিজ ওবায়েদ।

    যখনই পুশ-ইনের ঘটনার রিপোর্ট আসছে তখনই বাংলাদেশ ভারতকে চিঠি দিচ্ছে বলেও জানান তিনি।

    একইসঙ্গে ভারত সরকার যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সমস্যার সমাধান করবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

    অন্যথায় বিষয়টি বাংলাদেশ – ভারত সম্পর্কেও প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি।

    “আমরা আশা করবো ভারত সরকার এটা সিরিয়াসলি নিবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে, যথাযথ মেকানিজম এবং ডিপ্লোমেসির মাধ্যমে এই কাজটি তারা সমাধান করবে। কোনোভাবেই এই পুশ-ইনের মাধ্যমে যদি তারা করে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে না” বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

  8. ইসরায়েল ও ইরানকে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    ইসরায়েলের দখলকৃত পশ্চিমতীরে একটি ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ দেখা যাচ্ছে, এরপর আগে ইরান ইসরায়েল লক্ষ্য করে হামলা চালিয়েছিল

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইসরায়েলের দখলকৃত পশ্চিমতীরে একটি ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ দেখা যাচ্ছে, এরপর আগে ইরান ইসরায়েল লক্ষ্য করে হামলা চালিয়েছিল

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পরস্পরের ওপর হামলা বন্ধ করতে হবে।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন,

    ইসরায়েল পাল্টা হামলা চালানোর আগে ডোনাল্ড ট্রাম্প একাধিক মার্কিন গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বলেছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অনুরোধ করেছিলেন যেন তারা তারা ইরানি হামলার জবাব না দেন।

    পরে আরেকটি পোস্টে ট্রাম্প দাবি করেছেন, শান্তি নিয়ে চূড়ান্ত আলোচনা চলছিল, কিন্তু 'অবজ্ঞা বা বোকামি সেটার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে'।

    তিনি লিখছেন, ''ইসরায়েল ও ইরান, উভয় পক্ষই দ্রুত একটি যুদ্ধবিরতি করতে চায়''।

    ''অবরোধ পুরোদমে এবং পুরো শক্তিতে কার্যকর থাকবে, যতদিন না একটি চূড়ান্ত চুক্তি হয়। পুরো বিষয়টি দ্রুত হয়ে যাওয়া উচিত.'' তিনি লিখেছেন।

  9. ইরানের হামলার জবাবে ইসরায়েলের হাইফা পেট্রোকেমিক্যাল শিল্পে হামলা চালানো হয়েছে: আইআরজিসি

    ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হাইফায়

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইসরায়েলের হাইফা পেট্রোকেমিক্যাল শিল্পে হামলা চালিয়েছে ইরান

    ইসরায়েলের হাইফা পেট্রোকেমিক্যাল শিল্পে হামলা চালিয়েছে ইরান।

    দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পেট্রোকেমিক্যাল শিল্পে ইসরায়েলের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু এবং তেল স্থাপনাকে লক্ষ্য করা একটি “ঝুঁকিপূর্ণ খেলা।”

    যা এই অঞ্চলের জ্বালানি অবকাঠামোকে হুমকির মুখে ফেলে।

    আইআরজিসির বিবৃতিতে ইরানের কোন পেট্রোকেমিক্যাল শিল্পে ইসরায়েল হামলা চালিয়েছে সেটি নির্দিষ্ট করে নাম উল্লেখ করা হয়নি।

    তবে, ইরানের কারুন মাহশাহর পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট ইসরায়েলি হামলার শিকার হয়েছিল।

    পেট্রোকেমিক্যাল স্পেশাল ইকোনমিক জোন অর্গানাইজেশনের জনসংযোগ শাখা এক বিবৃতিতে জানিয়েছে, “কারুন পেট্রোকেমিক্যাল কোম্পানিতে দুইটি আঘাত লেগেছে।”

    তবে, এতে কেউ আহত হয়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

    এর আগে ইসরায়েল জানিয়েছিল, তারা মাহশাহর পেট্রোকেমিক্যাল স্থাপনার “একাধিক লক্ষ্যবস্তুতে” হামলা চালিয়েছে।

    হামলার পর, মাহশাহর স্পেশাল ইকোনমিক জোন অর্গানাইজেশনের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, “পেট্রোকেমিক্যাল স্পেশাল ইকোনমিক জোনের সিনিয়র কমান্ড অফ প্যাসিভ ডিফেন্স অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্টের” সিদ্ধান্ত অনুযায়ী ওই জোনে দিনের বেলায় কর্মরত সকল কর্মচারীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।

    কারুন পেট্রোকেমিক্যাল কোম্পানি ২০০২ সালে ইরানের প্রথম “জ্ঞানভিত্তিক” পেট্রোকেমিক্যাল কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়।

    এই কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এটি বার্ষিক দুই লাখ টনেরও বেশি পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদন করে।

  10. ২০২৫ সালের তুলনায় আমাদের সময়ে অপরাধ অনেক কম প্রত্যেকটা ক্যাটাগরিতে:স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, ২০২৫ সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অপরাধ অনেক কম প্রত্যেকটা ক্যাটাগরিতে:স্বরাষ্ট্রমন্ত্রী

    ২০২৫ সালের তুলনায় বিএনপি সরকারের সময়ে এ বছর দেশের অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

    সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে করা এক প্রতিবেদনের সূত্র ধরে সাংবাদিকরা তাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমার কাছে সেই রিপোর্টটা সামনে নেই। আমরা মাসভিত্তিতে অপরাধের একটা স্টেটমেন্ট করে থাকি। যে ডাকাতি, খুন, হত্যা, ধর্ষণ এগুলো জাতীয়ভাবে কতটা প্রতি মাসে এবং বছরওয়ারি কতটা। আমাদের তো বছর হয় নাই, তিন মাস। আমরা কমপেয়ার করি তার আগের বছরের উক্ত মাসে কী হয়েছে। তো আমার কাছে কয়দিন আগে একটা স্টেটমেন্ট এসছিল। অন্য একটা বিষয়ে কথা বলার জন্য।”

    সরকারি ওই প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, বিগত বছরের একই সময়ের তুলনায় এই বছরের অপরাধ পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে।

    মি. আহমেদ বলেন, “সেখানে আমি দেখেছি ২০২৫ সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম প্রত্যেকটা ক্যাটাগরিতে। যদি মাসিক হিসাব করি ২০২৫ সাল বা ২০২৪ সালের সাথে তো তুলনাই চলে না।”

    তবে টিআইবির প্রতিবেদনের কথা সাংবাদিকরা আবারো উল্লেখ করলে তিনি সেটি নিয়ে কথা বলতে চাননি।

    তিনি বলেন, টিআইবি রিপোর্ট করে পত্রিকার কাটিং এর ওপরে। টিআইবি কোনো তদন্ত করে না। প্রকৃত ঘটনা জাজ করে টিঅআইবি স্টেটমেন্ট দেয় না। অআমাদের সামনে যেটা আছে সেটা হলো পুলিশের অপরাধ চিত্র। সেই অপরাধ চিত্রটা জেলা থেকে আমরা কালেক্ট করি, এটা আমাদের রুটিন ওয়ার্ক এবং সেটা প্রকৃত তথ্য।

  11. এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হবে ২০শে জুলাই

    আগামী ২০ শে জুলাই এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

    সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

    ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলে ২১শে এপ্রিল থেকে ২০শে মে পর্যন্ত। এখন চলছে ব্যবহারিক পরীক্ষা।

    এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।

  12. হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আট শিশুর মৃত্যু

    হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশু

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আটজন মারা গেছেন

    হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আট শিশু মারা গেছে।

    বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, রোববার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত, গত ২৪ ঘণ্টায় হামে একজনের মৃত্যু হয়েছে।

    একইসময়ে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন সাতটি শিশু। হামের উপসর্গ নিয়ে কেবল ঢাকায়ই তিনজন মারা গেছে।

    এছাড়া রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রংপুরে একজন করে পাঁচজন হামের উপসর্গে মারা গেছে।

    গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং এর উপসর্গ নিয়ে ৫৩৬ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    এর ফলে ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে মোট ৬২৮টি শিশুর মৃত্যু হয়েছে।

  13. হামে শিশু মৃত্যুতে অধ্যাপক ইউনূসহ পাঁচ জনের বিরুদ্ধে করা মামলা খারিজ করেছে ঢাকার আদালত

    অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, Leon Neal/Getty Images

    ছবির ক্যাপশান, হামে শিশু মৃত্যুতে অধ্যাপক ইউনূসহ পাঁচ জনের বিরুদ্ধে করা মামলা খারিজ করেছে ঢাকার একটি আদালত

    হাম ও এর উপসর্গে শিশুদের মৃত্যু ‘দায়িত্বে চরম অবহেলার’ কারণে হয়েছে, বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত।

    কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল এই মামলাটি দায়ের করেছিলেন।

    সোমবার ঢাকার একটি বিচারিক আদালত শুনানি শেষে এই মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামসুদ্দোহা সুমন বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।

    মি. সুমন বলেন, “পর্যাপ্ত উপাদান না থাকায় আদালত মামলাটি খারিজ করে দিয়েছে। টাইম অব অকারেন্স এবং প্লেস অব অকারেন্স এসব মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু মামলায় কোন স্থান না দেয়ায় বাদীপক্ষের শুনানি শেষে আদালত তা আমলে নেননি।”

    তিনি জানান, এই মামলার আবেদনে করা একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনের এখতিয়ারে পড়ে। সেটি বিচার করার ক্ষমতা এই আদালতের নেই। ফলে আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

    মামলার আবেদনে অধ্যাপক ইউনূস এবং নূর জাহান বেগম ছাড়া সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মুহাম্মদ সায়েদুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফরকে আসামি করা হয়েছে।

    বাংলাদেশে গেল মার্চ মাস থেকে হাম ও এর উপসর্গে ছয়শ’র বেশি শিশুর মৃত্যু হয়েছে।

  14. ফিলিপাইনে সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৯ জনের মৃত্যু

    ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত স্থাপনা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, দেশটির স্থানীয় সময় সকাল সাতটা ৩৭ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে

    ফিলিপাইনে একটি সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৯ জন মারা গেছেন।

    দেশটির স্থানীয় সময় সকাল সাতটা ৩৭ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে।

    ফিলিপাইনের দক্ষিণের প্রধান দ্বীপ মিন্দানাও এর জেনারেল সান্তোস সিটির উপকূলে এই ভূমিকম্পটি আঘাত হানে।

    পুলিশ জানিয়েছে, এই ভূমিকম্পে অন্তত ১৩৪ জন আহত হয়েছেন।

    দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, এখনো সাতজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

    ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং জাপানসহ এই অঞ্চলের বেশ কয়েকটি দেশ সুনামি সতর্কতা জারি করেছিল। যদিও এগুলোর বেশিরভাগই এখন তুলে নেওয়া হয়েছে।

    ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

    ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জানিয়েছেন, “সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থাকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।”

    একইসঙ্গে জনগণকে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

  15. ‘পুশব্যাক’ নিয়ে আলোচনা দিল্লিতে বিএসএফ-বিজিবির বৈঠকে

    বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর টহল - ফাইল

    ছবির উৎস, BIJU BORO/AFP via Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর টহল - ফাইল

    ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ভারতের রাজধানী দিল্লিতে।

    ৫৭তম কনফারেন্সে বিএসএফকে নেতৃত্ব দিচ্ছেন বাহিনীর ডিজি প্রবীণ কুমার ও বিজিবিকে নেতৃত্ব দিচ্ছেন ডিজি মেজর জেনারেল আফরুজ্জামান সিদ্দিকি।

    আজ ৮ই জুন থেকে শুরু হয়ে ১১ই জুন পর্যন্ত এই কনফারেন্স চলবে।

    ভারতের তরফে জানানো হয়েছে, চারদিনের কনফারেন্সে অনুপ্রবেশ সংক্রান্ত আলোচনা, ভারতীয় নাগরিকদের ওপর আক্রমণ, আন্তঃসীমান্ত অপরাধ, সীমান্তে বেড়া দেওয়ার প্রক্রিয়া, বাংলাদেশের ভারত বিরোধী গোষ্ঠীগুলির বিরুদ্ধে পদক্ষেপ সুনিশ্চিত করা, দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা করা হবে।

    সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন নাগরিত্ব সংশোধনী আইনের আওতায় পড়েন না এমন ইতিমধ্যেই ৪৮০০ জন কথিত অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

    আরও ৮৩৬ জন হোল্ডিং সেন্টারে রয়েছেন যাদের সীমান্তের ওপারে ‘পুশ-ব্যাক’ করবে পশ্চিমবঙ্গ সরকার। ভারত যাদের অনুপ্রবেশকারী বলে মনে করছে, তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হবে বলেও ধারণা করা হচ্ছে।

    অন্যদিকে ভারত থেকে 'পুশইনের' চেষ্টার অভিযোগ তুলে সীমান্তে কড়াকড়ি বাড়িয়েছে বিজিবি। সংস্থাটি জানিয়েছে, বিএসএফের কয়েক দফা 'পুশইন' চেষ্টা তারা ঠেকিয়ে দিয়েছে।

    পহেলা জুন যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে একরকম ঠেলে পাঠানো ১০-১৩ জনকে সীমান্তের শূন্য রেখায় দেখা গিয়েছিল। যদিও পরে আবার তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।

    মঙ্গলবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে বলেছেন, "ভারতের কেন্দ্রীয় সরকার জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে কোনো তালিকা পাঠালে আইন অনুযায়ী রিপ্যাট্রিয়েশন প্রক্রিয়া অনুসরণ করা হবে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো তালিকা সরকার পায়নি"।

    তিনি আরও বলেছেন, "বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যে কোন ধরনের ইল্লিগ্যাল পুশ ইন বা পুশ ব্যাক এগুলোর বিপক্ষে"।

  16. রোববার সারাদিন যা যা ঘটেছে

    • বাংলাদেশের রাজধানী ঢাকার পল্লবীর সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
    • রায়ের পরে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, উচ্চ আদালতে এই মামলার নিষ্পত্তি যাতে দ্রুততম সময়ে করা যায় সেজন্য তিনি ও অ্যাটর্নি জেনারেল মিলে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবেন।
    • পুশইনের বিষয়টি ডিপ্লোমেটিক চ্যানেলে আলাপ-আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • রোববার থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬ সালের বাজেট অধিবেশন। এটি বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। আগামী ১১ই জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
    • সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক টেকনোক্রেট মন্ত্রী শফিক আহমেদ এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।
    • নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আপিল দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
    • রাজধানীর মগবাজারে বেসরকারি আদ্-দ্বীন হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে মারা যাওয়া ছয় নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাত শিশু মারা গেছে।
    • সরকারের একশ দিনের কাজের মধ্যে সুশাসন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। টিআইবি জানিয়েছে, এ বছরের মার্চ ও এপ্রিল দুই মাসে হত্যার ঘটনা ঘটেছে ৬০৫টি, অপহরণ ১৯৬টি, ছিনতাইয়ের ৯০টি ঘটনা ঘটেছে।
    • বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।
    • ঢাকায় মতিঝিলে এক ব্যক্তিকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে, অস্ত্রধারীরা পালিয়ে গিয়েছে।
    • গত ১৬ মাসের মধ্যে বাংলাদেশে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে মে মাসে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসেব অনুযায়ী, মে মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক ৪২ শতাংশ।
    • ঈদুল আজহার সময় সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ২৯৪ জন।

    আরও খবর জানতে বিবিসি বাংলার মূল পাতায় ক্লিক করুন।

  17. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে