বিসিএস পরীক্ষায় চারবার অংশ নেয়া যাবে, জাতীয় পার্টি কার্যালয়ে আগুন, 'নিশ্চিহ্ন' করার ডাক হাসনাতের

বিসিএস পরীক্ষায় চারবার অংশ নেয়া যাবে বলে নতুন সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। ঢাকার কচুক্ষেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যে সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের ভ্যানে আগুন লাগিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। দিনের ঘটনাপ্রবাহ দেখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সার সংক্ষেপ

  • খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি মামলা বাতিল, এখন পর্যন্ত তার বিরুদ্ধে করা ২৩টি মামলা বাতিল হয়েছে
  • কচুক্ষেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সেনাবাহিনীর ও পুলিশের গাড়িতে আগুন
  • দেশে ফিরে ছাদখোলা বাসে সাফজয়ী নারী ফুটবল দলের শহর প্রদক্ষিণ
  • পাপনসহ বিসিবি’র ১১ জন পরিচালকের পদ বাতিল
  • খাগড়াছড়ির পানছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

সরাসরি কভারেজ

  1. খালেদা জিয়ার বিরুদ্ধে আরেক মামলার কার্যক্রম বাতিল, সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা ২৩টি মামলা এখন পর্যন্ত বাতিল হয়েছে

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের একটি মামলা বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট।

    দারুস সালাম থানায় দায়ের করা এই মামলাটি বাতিলের ফলে এখন পর্যন্ত খালেদা জিয়ার নামে থাকা মোট ২৩টি মামলা বাতিল করা হলো বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

    বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন কায়সার কামাল, মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপিপন্থী আইনজীবীরা।

    বুধবার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও নাশকতার আরো ১১টি মামলা হাইকোর্টে বাতিল হয়। অন্যান্য মামলাগুলো নিম্ন আদালতেই খারিজ হয়ে যায়।

    আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে নাইকো ও বড়পুকুরিয়া দুর্নীতির মামলাগুলো রয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাজা স্থগিত করেছেন রাষ্ট্রপতি।

    খালেদা জিয়া
  2. তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

    তারেক রহমান ১৬ বছর ধরে নির্বাসনে আছেন

    ছবির উৎস, BNP

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানতারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করেছে হাইকোর্ট।

    এই মামলায় তারেক রহমানের সাথে আরো অভিযুক্ত ছিলেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম, সাবেক চিফ রিপোর্টার মাহাথীর ফারুকী খান এবং সিনিয়র রিপোর্টার কনক সারওয়ার।

    ঢাকার তেজগাঁও থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলাটি বৃহস্পতিবার বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ বাতিলের আদেশ দিয়েছে।

    ২০১৫ সালের আটই জানুয়ারি তেজগাঁও থানায় তারেক রহমান এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে যোগসাজশ করে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টির অভিযোগ এনে ওই মামলাটি করা হয়।

    এর আগে নোয়াখালীতে করা আরেক রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পান তারেক রহমান।

    সাক্ষ্যগ্রহণ শেষে কোনো প্রমাণ না থাকায় গত ২১শে অগাস্ট তারেক রহমানকে ওই মামলা থেকে খালাস দেন আদালত।

  3. চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

    চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।

    বুধবার রাত সাড়ে আটটার দিকে ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

    ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর রহমান বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ জানিয়েছে, রাত সাড়ে আটটার দিকে বড়গাছী-রহনপুর সড়ক দিয়ে ভ্যানে করে একটি পরিবার বাজার থেকে বাড়ি ফিরছিল।

    তাদের ভ্যানটি খাতানের বিলে পৌঁছালে একদল মানুষ তাদের পথ আটকে সাথে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।

    এ সময় তাদের চিৎকারে পথচারীসহ সাধারণ মানুষ ছিনতাইকারীদের ধাওয়া দেয়।

    এক পর্যায় দুই ভাই পালিয়ে গাছে উঠলে তাদের গাছ থেকে টেনে নামিয়ে পিটিয়ে মারে উত্তেজিত জনতা।

    পরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    এর আগে মঙ্গলবার রাতে গরু চোর সন্দেহে নড়াইলে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।